ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রা স্বস্তির করতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তির করতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

আসন্ন কুরবানির ঈদে ঘরমুখো মানুষের জন্য স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ এবং কুরবানির পশু পরিবহন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সময় সড়ক ও পরিবহন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে নির্বিঘ্ন ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে যায়। তবে সবার সহযোগিতা, জনসচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর প্রধান কারণ চালকদের অদক্ষতা ও অনুপযোগী যানবাহন। পাশাপাশি জনগণের অসচেতনতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার দায়িত্ব নেবে এবং তাদের পুনর্বাসনের বিষয়েও চিন্তা করছে।

এর আগে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের সহায়তায় এই অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।

সেতুমন্ত্রী,কাজ করছে সরকার,ঈদযাত্রা স্বস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত