ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

আলমডাঙ্গায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ৯টায় উপজেলা মুক্তমঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আল ত্বায়েবা মোড়ে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় পরিবেশ সচেতন তরুণরা অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নওরোজ সাঈদ।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এ ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি পশুপাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক আল রাব্বি, জনসংযোগ বিষয়ক সম্পাদক তানজিম মুন্না, কার্যনির্বাহী সদস্য রাতুল, মনিরুজ্জামান সজীব, স্বাধীন, তীব্র, সোহেল রানা, সামিউল, রিয়াদ, আফিক, আশিক, সিয়াম, মিনহাজ ও রিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা, পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান হাসিবুল হক লিপু।

তিনি তরুণদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক সামাজিক আন্দোলনে যুবসমাজের সম্পৃক্ততা অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলমডাঙ্গা,আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত