ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকারের ধারাবাহিক কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকারের ধারাবাহিক কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই ও আগস্ট মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে সরকার। এ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, স্মরণসভা ও সমাবেশ, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

সেদিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। অনুষ্ঠানে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আলোচিত হয় এবং আন্দোলন আরও বেগবান হয়।

আবা/এসআর/২৬

গণঅভ্যুত্থান,কর্মসূচি,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত