অনলাইন সংস্করণ
১৭:৪২, ০৬ জুলাই, ২০২৬
আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনও জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলে আশা প্রকাশ করেছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আজ সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে দ্রুতই সরকারকে চিঠি দেবে ইসি। নির্দিষ্ট সময়ে যেন সব নির্বাচন সফলভাবে সম্পন্ন করা যায়, সে ব্যাপারে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করব।
ইসি মাসুদ আরও বলেন, আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল ও গ্রহণযোগ্য হবে। তবে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়।
এ সময় তিনি সাংবাদিকদের তথ্য পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো ধরনের 'মিসলিড' বা বিভ্রান্তি তৈরি না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান।
একই সময়ে অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আইন ও সীমানা সংক্রান্ত জটিলতাগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে কাজ করছে ইসি।