ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আরও কয়দিন থাকবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

আরও কয়দিন থাকবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে আজ (শনিবার) বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় পরিস্থিতির উন্নতি না ঘটলেও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে এর তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এলে দেশের অধিকাংশ এলাকায় পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত তিন থেকে পাঁচ দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে আজ শনিবার সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আজ দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে। আগামীকাল রোববার ও পরশু সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে, তবে মঙ্গলবার থেকে তা অনেকটাই কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগরে বিরূপ আবহাওয়া কমে আসায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। পাহাড়ধসের সতর্কবার্তাও প্রত্যাহার করা হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হওয়া এবং বায়ুচাপের তারতম্যের কারণেই গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবা/এসআর/২৬

বৃষ্টি,আবহাওয়া অফিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত