ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে টানা কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে কয়েকটি জেলা বন্যাকবলিত হওয়ার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফেকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকার বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত শনিবার (১১ জুলাই) থেকেই ৬৪ জেলার প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি, সেগুলো মনিটরিং করেই আমরা পরীক্ষা নেয়া বা না নেয়ার সিদ্ধান্ত দিচ্ছি। যেসব পরীক্ষা পিছিয়ে যাবে, ইতোমধ্যে আমরা সেই পরীক্ষাগুলো নেয়ারও ব্যবস্থা করেছি।

তিনি বলেন, আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি। কিছুক্ষণের মধ্যে আবারও এ বিষয়ে বৈঠক করব। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেয়াকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। তবে কারও নাম উল্লেখ করে মামলা হয়নি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আবহাওয়ার পরিস্থিতি,এইচএসসি পরীক্ষা,সিদ্ধান্ত,শিক্ষামন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত