
গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করে লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পাই। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই লাউঞ্জের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।
জানা গেছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বলাকায় যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম ভোর ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জের রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়।
তবে লাউঞ্জের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
আবা/এসআর/২৬