ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়।

তিনি জানান, ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিতও হয়েছে। চলতি বছরে বর্ধিত এই সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরোটা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, যে-কোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলার ৪টি আসনের সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী,২৫ কোটি টাকা,বরাদ্দ,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত