অনলাইন সংস্করণ
১৮:২৭, ০১ অক্টোবর, ২০২৬
কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমান নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি নিয়োগ করবে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘সব সময় “গুপ্ত দলটি” জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।’
মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খাল ও নদী খনন কার্যক্রম সফল হলে এ এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।’
প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।