
রংপুরের মুন্সিপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন খাঁপাড়া এলাকার আব্দুর সামাদের ছেলে মো. পলাশ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
তিনি বলেন, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অভিযুক্ত পলাশ ওই গৃহবধূর প্রতিবেশী হওয়ায় প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। এ বিষয়ে ওই গৃহবধূ একাধিকবার তাকে সতর্ক করা সত্ত্বেও গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩-এর একটি দল মহানগরীর কোতোয়ালি থানাধীন মেডিকেলপাড়া-বুড়িরহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. পলাশকে গ্রেপ্তার করে।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।