ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের (ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭) সাইডলাইনে দেশ দুটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ার।

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

সোমববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে সৌদি সরকারের কাছে বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদল বিনিময় এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের ঘটনায় শোক প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতির কথা তুলে ধরেন। এ ছাড়া সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তার বিষয়টি অবহিত করেন।

হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।

কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় কাতার এনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা কাজে লাগিয়ে বাংলাদেশে এলএনজি সরবরাহ এবং আমদানির উৎস ও পরিবহনপথে বৈচিত্র্য আনার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেন উভয় পক্ষ।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী এসিডব্লিউএ পাওয়ার

দিনের তৃতীয় বৈঠকে এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে এসিডব্লিউএ পাওয়ার। তবে বিনিয়োগের পরিমাণ, নির্দিষ্ট প্রকল্প কিংবা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ,সহযোগিতা,সৌদি-কাতারের,জ্বালানি নিরাপত্তায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত