অনলাইন সংস্করণ
১৬:৫১, ২০ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে নগরের কোতোয়ালি থানার জেএমসেন হল এলাকায় ভিড় করেছেন উৎসুক জনতা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল থেকে হলের আশপাশে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর থেকে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরের রহমতগঞ্জের জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এসময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেয়ার কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জেএমসেন হল এলাকার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।