অনলাইন সংস্করণ
১৫:৪১, ২১ অক্টোবর, ২০২৬
সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর। সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিলেন এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথেই ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, এসআরবি, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিলেন।
সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি—সব মিলিয়ে মোট ৯টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।