
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন- হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আবা/এসআর/২৬