
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা তাঁরা করছেন না। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসআরবি মাঠপর্যায়ে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতিকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে। তবে সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সব তথ্য যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
আবা/এসআর/২৬