অনলাইন সংস্করণ
১২:৫১, ২৫ ডিসেম্বর, ২০২৫
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বিমানবন্দর এলাকা ছাড়েন।
বিমানবন্দর থেকে বের হওয়ার আগে বাসে ওঠার পূর্বমুহূর্তে জুতা খুলে মাটিতে পা রাখেন তারেক রহমান। পরে হাতে এক মুঠো মাটি নিতে দেখা যায় তাকে।
এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত; সেটি অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা আছে। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে, বিমানবন্দর এলাকায় বিপুলসংখ্যক মানুষ, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়ে হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।