
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। এরইমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।
সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির এমপিরা শপথ নেবেন। এরপর জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দল থেকে নির্বাচিতরা শপথ নেবেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এতে দেশ-বিদেশের হাজারও অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
আবা/এসআর/২৫