অনলাইন সংস্করণ
১৬:১২, ০৬ মার্চ, ২০২৬
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, জোর করে হারিয়ে দেওয়ার মতো পরিস্থিতির মধ্যেও দেশের স্বার্থে অনেক কষ্টে নির্বাচন মেনে নিয়েছে জামায়াত।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি ও ফলাফল ঘোষণায় ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তার দাবি, তা না হলে খলিলুর রহমান কীভাবে মন্ত্রী হলেন। তিনি আরও বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কেউ কেউ জড়িত আছেন এবং তারা জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকারে আসার পথে বাধা সৃষ্টি করেছেন।
গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, রিজওয়ানা হাসানের বক্তব্য থেকেই বোঝা যায় তিনি একটি ‘মন্দ কাজের’ সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় বিচারিক তদন্তের দাবি জানিয়েছে দলটি। তিনি আরও অভিযোগ করেন, গণভোটে জনগণের রায়ে বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
তবে সরকারি দল ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।