
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। এর আগে সকালে ঐক্যের নেতারা জরুরি বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক জানান, বলেন, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
তিনি অভিযোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে।
মামুনুল হক বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করবো। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ঐক্যের অন্যান্য নেতারা।