অনলাইন সংস্করণ
১৬:২৯, ১৭ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু করে। বোর্ডের সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাৎকার শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারী আসন নিয়ে স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে বলে তারা আশা করছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রতিকূল সময় পার করে দল গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছে। এই সময়ে অনেক নেতাকর্মী হয়রানি ও কষ্টের শিকার হয়েছেন। যাদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে, তাদেরই প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, এই সাক্ষাৎকার কার্যক্রম টানা দুই দিন চলবে। প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। পরদিন শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এছাড়া, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।