
আজ ১৮ এপ্রিল, ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। দিবসটি উপলক্ষে শহীদ হওয়া তৎকালীন বিডিআর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৮ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উসকানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়াইবাড়ী গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের এই অপচেষ্টা রুখে দেয় তৎকালীন বাংলাদেশ রাইফেলস ও সচেতন গ্রামবাসী। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুঁড়ে, যার সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে বড়াইবাড়ী ক্যাম্প।
বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের অদম্য সাহসী ভূমিকায় সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দেশের তরে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের।
শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফেরাত কামনা করেছে এনসিপি।