ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা জাগপা-কে একটি আসন দিয়েছি। কোনো আসন তারা ডিমান্ড করেনি, আমরা তাদের সম্মানিত করেছি। আমরা শহীদ পরিবারকে সম্মান করে জুলাই পরিবারের একজন চূড়ান্ত করেছি। জামায়াত ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে। ১১ দলের মুখ্য বিষয় হলো প্রাপ্যতা নিশ্চিত ও সমঝোতা।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে ১১ দলের প্রার্থীদের তালিকা প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আযাদ বলেন, আমাদের প্রার্থী চূড়ান্তকরণ অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রম। আমাদের সিস্টেম আলাদা। দল যাদের যোগ্য মনে করে তাদের দেয়। কোনো আবেদন আমরা গ্রহণ করি না। এক্ষেত্রে তৃণমূল ও নারী বিভাগের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, আমরা একসঙ্গে পথচলা শুরু করেছি। একসঙ্গে দেশ গড়বো। আমাদের মূল লক্ষ্য একটি শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল হিসেবে যেন সংসদে ভূমিকা রাখতে পারি। এই নারীরা সংসদে দেশের সব নারীর পক্ষে কথা বলবেন, নারীদের অধিকার নিয়ে লড়বেন।

এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের নাম প্রকাশ করেন।

১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন— জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি শামছুন্নাহার বেগম, জামায়াতের সংগঠন নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামায়াতের মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

এছাড়াও রয়েছেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ প্রমুখ।

জামায়াতে ইসলামী,হামিদুর রহমান আযাদ,সংরক্ষিত নারী আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত