অনলাইন সংস্করণ
১৩:৫৯, ২৫ এপ্রিল, ২০২৬
অবিলম্বে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, কোনো স্বৈরাচারী কায়দায় চলবে না। যদি শহীদদের দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হয়, তবে ১১-দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোশারফ হোসাইন বলেন, গতরাতেও আমি আমার মেয়ের জন্য কেঁদেছি। আমরা কী হারিয়েছি, তা শুধু আমরাই বুঝি। আন্দোলনে যাদের চোখ নেই, হাত নেই কিংবা পা নেই- তাদের দিকে তাকাতে পারি না। তারেক রহমান, আপনি জটিলতা তৈরি করবেন না। আপনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে ওয়াদা করেছেন, তা অবিলম্বে পূরণ করুন।
তিনি আরও বলেন, আপনার (তারেক রহমান) মাকে আমরা শ্রদ্ধা করি। হাসিনা ক্ষমতায় থাকলে আপনার মায়ের জানাজা তো দূরের কথা, দেশে কবরও দিতে দিত না। আপনার বাবার কবরও হয়ত রক্ষা পেত না। আজ আমাদের সন্তানদের আত্মত্যাগের কারণেই আপনারা দেশে আসতে পেরেছেন।
শহীদ মেহেরুন নেসার বাবা বলেন, আমাদের আত্মত্যাগকে খাটো করে দেখবেন না। আপনাকে ভালোবাসি বলেই বলছি, দেশটা ভালোভাবে চালান। স্বৈরাচারী হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।
তিনি আরও বলেন, আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। একবার রাজপথে নামলে আমরা কয়জন মরব তা ভাবব না, কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না। তাই অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন। নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলাই আপনাদের প্রতি আমাদের শহীদ পরিবারগুলোর দাবি।
জুলাই শহীদ ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন বলেন, আমরা সন্তান হারিয়ে মোটেও বিচলিত নই। আমাদের সন্তানেরা যেমন পুলিশের গুলির মুখে বুক পেতে দিতে ভয় করেনি ঠিক সেভাবেইে আমরাও কাউকে ভয় করি না। তাই অবিলম্বে টালবাহানা না করে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন।
তিনি সতর্ক করে বলেন, যদি এটা করতে গড়িমসি করেন তাহলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তখন কিন্তু পালানোর জায়গা পাবেন না।