
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক রমজান মিয়ার মৃত্যুজনিত কারণে মরণোত্তর বীমা দাবি চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীতে মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মরহুমের সহধর্মিণী ও বীমা নমিনি মুক্তা বেগমের হাতে ২ লাখ টাকার এ চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, একজন মানুষ জীবদ্দশায় বীমা করলে তার অবর্তমানে পরিবারের বড় সহায়ক ভূমিকা পালন করে তার রেখে যাওয়া বীমা। দেশে অনেক বীমা কোম্পানী কাজ করলেও অত্যন্ত সুনাম, বিশ্বাস ও আস্থার সাথে কাজ করে যাচ্ছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন গ্রুপ বীমার আওতায় আসতে পারে। এছাড়াও এককভাবে যে কেউ বীমার আওতায় এলে নির্ধারিত সময় অতিবাহিত হলে তাদের পাওনা পরিশোধ করা হয়ে থাকে। পাশাপাশি এই সময়ের আগেই কারো মৃত্যু হলে নির্ধারিত অঙ্ক তার নমিনি পরিবারের সদস্যের হাতে হস্তান্তর করা হয়। আমরা ইসলামি শরিয়া বোর্ড অনুযায়ী এই বীমা কার্যক্রম পরিচালনা করছি।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রংপুর বিভাগীয় অফিসের ডিপি এইচ ও ইনচার্জ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠক জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মরণোত্তর বীমা দাবির দুই লক্ষ টাকার চেক হস্তান্তরের পাশাপাশি মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মচারী হওয়ায় মরহুম রমজান মিয়ার পরিবার এবং অবসরজনিত কারণে আরও দুইজনকে এক লক্ষ করে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
পরে মরহুম রমজান মিয়ার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোতাহার কমপ্লেক্স মসজিদের ইমাম মো. মাইদুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।
এ সময় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, বীমা গ্রাহক ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।