
তিন ফসলি কৃষি জমি রক্ষার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। এ সময় তারা ঝাড়ু ও লাঠি প্রদর্শন করে প্রতিবাদ জানান।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজের পশ্চিম পাশে এ কর্মসূচি পালিত হয়। পৌলী, চামটা দীঘি ও খাগড়াখড়ি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ মাথায় মাথাল ও হাতে কাঁচি, ঝাড়ু ও লাঠি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিক্ষুব্ধ বক্তারা অভিযোগ করে বলেন, তাদের রেকর্ডীয় ফসলি জমি থেকে ভেকু (এক্সকেভেটর) দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
চামটা গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, “আমাদের রেকর্ডভুক্ত তিন ফসলি কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জমি গভীর গর্তে পরিণত হচ্ছে এবং আশপাশের জমিও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের জমি ভিন্নভাবে দেখিয়ে বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অবৈধ। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আদালতের শরণাপন্ন হব।”
সংশ্লিষ্ট মহালের ইজারাদার দাবি করেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য বৈধভাবে ইজারা নিয়ে কর্তৃপক্ষের নির্ধারিত স্থান থেকেই মাটি কাটা হচ্ছে। কোনো অনিয়ম হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে তিনি উল্লেখ করেন।
মানববন্ধন চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মেহের আলী, মো. কুদ্দুস মিয়া, রমজান আলী খান, সহমুদ্দিন, আব্দুস সালাম, মো. শুকুর মিয়া, মৌসুমী বেগম ও রোকিয়া বেগমসহ ভুক্তভোগীরা। তারা কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতা এমপি’র হস্তক্ষেপ কামনা করেন।