অনলাইন সংস্করণ
১৪:৫৬, ২৫ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামী ১ মে দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে— জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্যের সমালোচনা ও তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, তিনি (জামায়াত আমির) ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না। দেশি ও বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি—নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না—সেটি আমাদের চিন্তা করতে হবে, দেশবাসীকেও চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।