অনলাইন সংস্করণ
২০:৪৮, ৩০ এপ্রিল, ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য তিনি শোনেননি এবং সে বিষয়ে মন্তব্য করতে চান না। তবে তিনি রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।
তার অভিযোগ, মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নিশ্চিত করা, পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া মামলাগুলো থেকে শেখ হাসিনাসহ দলীয় নেতাদের মুক্ত করা।
তিনি আরও বলেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির পদে বহাল রাখা বিএনপির রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ। তার ভাষায়, এটি দলের ‘দেওলিয়াত্ব’-এর পরিচয়।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ থাকা সত্ত্বেও তা করা হচ্ছে না। তিনি দাবি করেন, আগে সাংবিধানিক জটিলতার কথা বলা হলেও এখন সেই পরিস্থিতি নেই।
তিনি আরও বলেন, দেশের সামনে তখন দুটি পথ ছিল—জাতীয় সরকার গঠন অথবা ক্ষমতা অন্য ব্যবস্থার হাতে তুলে দেওয়া। তবে বিএনপি সেসব প্রস্তাবে রাজি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানকে অনেক সময় ১৯৭১ সালের চেতনার সঙ্গে মিলিয়ে দেখা হয়, যা সঠিক নয়। তিনি দাবি করেন, এ ধরনের ব্যাখ্যার বিরোধিতা তার দল সবসময় করে এসেছে।