ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি: পদ হারালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি: পদ হারালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো এবং একপর্যায়ে তাদের গালিও দেওয়া ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, আজ সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর বহর জিয়া উদ্যান ত্যাগ করার সময় তার প্রটোকল ও নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। দলের অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে আব্দুর রহিম ভূঁইয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান ত্যাগ করার সময় নিরাপত্তা টিমের এক সদস্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তিনি উঠে ঘটনার কারণ জানার চেষ্টা করেন। তিনি বলেন, কাউকে গালিগালাজ করা বা ইচ্ছাকৃতভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।

ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আবা/এসআর/২৬

প্রধানমন্ত্রী,প্রটোকল,বাগবিতণ্ডা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত