
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর বারবার বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন; যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ এ ঢাকা মহানগর জামায়াতের জনসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভা আয়োজন করা হয়।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ হতে হবে। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা এবং সম্মানজনকভাবে পুনর্বাসন করতে হবে। জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করতে সরকারের প্রতি দাবি জানান শফিকুর রহমান।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার করেছেন। এখন গণভোটের রায়কে অবৈধ বলছে সরকার। গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ সবই অবৈধ। তাহলে দেশে কোনও বৈধ সরকার নেই। সরকারকে টালবাহানা ছেড়ে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ার করেন বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল। অনেকের মধ্যে সৃষ্টি হয়েছিল হতাশা। কিন্তু আল্লাহ তার রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল।
মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।
আবা/এসআর/২৬