ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গণভোটের রায় উপেক্ষা মানেই জুলাইকে অস্বীকার: ড. হেলাল উদ্দিন

গণভোটের রায় উপেক্ষা মানেই জুলাইকে অস্বীকার: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতা রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মানতে বাধ্য হবে। গণভোটের রায় মেনে না নেওয়ার অর্থ বিএনপি জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত ৩৬শে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, শহীদদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় গিয়ে বিএনপি তাদের সঙ্গে বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করছে। দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের গণরায় উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন করতে চাচ্ছে। এ লক্ষ্যে তারা নিজেদের পছন্দনীয় ব্যক্তিদের দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতারা দেশে ছিলেন না। কেউ লন্ডনে, কেউ শিলংয়ে অবস্থান করছিলেন। এ কারণে জুলাইয়ে ছাত্র-জনতার যে চেতনা ও আকাঙ্ক্ষা ছিল, তা বিএনপি সরকার অনুধাবন করতে পারছে না। ফলে তারা জুলাইয়ের চেতনা ধারণ ও লালন করতে ব্যর্থ হচ্ছে।

জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিএনপি কেবল নির্বাচনকেই প্রাধান্য দিয়েছে। রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের বিষয়ে দলটি কোনো সুস্পষ্ট দাবি উপস্থাপন করেনি।

গণহত্যার বিচার প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, শুধু ‘৩৬ জুলাই’ নয়, আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি দিনই ছিল গণহত্যা, গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের সাক্ষী। ব্যাংক দখল, অর্থ পাচার, উন্নয়নের নামে দুর্নীতি এবং প্রশাসনে দলীয়করণসহ নানা অপকর্মের অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি ঘটনার বিচার দাবি করেন।

তিনি বলেন, শুধু ব্যক্তি নয়, আওয়ামী লীগ দল হিসেবেও মানবতাবিরোধী অপরাধ করেছে। তাই দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

পল্টন থানা কর্মপরিষদ সদস্য মো. মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় থানা সহকারী সেক্রেটারি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. হেলাল উদ্দিন,জুলাইকে অস্বীকার,গণভোটের রায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত