ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযান, আটক ১১

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযান, আটক ১১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, নগদ অর্থ জব্দসহ ১১ জনকে আটক করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক একাধিক বাসায় তল্লাশি চালিয়ে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও, গতকাল শনিবার পাথরঘাটা, চরফ্যাশন ও তালতলী নৌ কন্টিনজেন্টসমূহের একাধিক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ১ কেজির অধিক গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, ২টি বাটন মোবাইল এবং মাদক ব্যবসার নগদ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফ জেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গতকাল নোয়াখালীপাড়ার জুম্মাপাড়া পাহাড়ি এলাকার মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। এসময় আস্তানাটির নিকটস্থ ঝোপ থেকে ১টি দেশীয় বন্দুক (লাম্ব ব্যারেল), ২টি দেশীয় পিস্তল (এলজি), তাজা গোলা এবং কার্তুজ জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

সুষ্ঠু নির্বাচন,নৌবাহিনী,অভিযান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত