অনলাইন সংস্করণ
২১:৪৪, ১০ মার্চ, ২০২৬
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনাজনিত হতাহত কমানোর লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে একটি ব্যাপক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষক, নিরাপত্তা বিশেষজ্ঞ, অধিকার কর্মী এবং স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
এক দশকেরও বেশি সময় ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসা বেসরকারি প্রতিষ্ঠান সুইফট সলিউশন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
সুইফট সলিউশনের প্রধান উপদেষ্টা মীর আব্দুল মোতালেব বলেন, ট্রাফিক আইন অমান্য করা এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের পর্যাপ্ত সচেতনতার অভাব সড়ক দুর্ঘটনার প্রধান দুটি কারণ। তিনি বলেন, চালকেরা যদি ট্রাফিক আইন মেনে চলেন এবং সাধারণ মানুষ সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হন, তাহলে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
অনুষ্ঠানে সুইফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান পলাশ জানান, যানজটের কারণে কেবল ঢাকাতেই প্রতিদিন প্রায় ৮০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১৪০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্য বক্তারাও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে সুইফট সলিউশনের উপদেষ্টা শিয়াবুর রহমান শিহাব, পরিচালক শরীফ হোসেন হৃদয়, নিরাপত্তা পরামর্শদাতা মো. জিয়াউল আহসানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসাধারণের মধ্যে লিফলেট ও গাড়ির স্টিকার বিতরণ করা হয়।
পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সড়ক নিরাপত্তার বিভিন্ন বার্তা প্রচার করা হয়।