ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে ওয়ালটনের নতুন ফ্রিজ লাইনআপ

প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে ওয়ালটনের নতুন ফ্রিজ লাইনআপ

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার উন্মোচন করেছে দেশের শীর্ষ রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নতুন এই পণ্যসম্ভারে রয়েছে আধুনিক ডিজাইন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী সুবিধা এবং বৈশ্বিক বাজারের উপযোগী বৈচিত্র্যপূর্ণ মডেল।

নতুন লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে প্রিমিয়াম মানের সাইড-বাই-সাইড স্মার্ট রেফ্রিজারেটর, পানির ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সৌরবিদ্যুৎ চালিত চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, পানীয় সংরক্ষণ কুলার এবং আইসক্রিম ফ্রিজার।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে “ওয়ালটন মেগা লঞ্চ” শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব পণ্য উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, প্রধান ব্যবসা কর্মকর্তা মো. তাহসিনুল হক, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররা।

প্রধান ব্যবসা কর্মকর্তা মো. তাহসিনুল হক বলেন, স্থানীয় বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি ওয়ালটন বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। লক্ষ্য হলো ১০০টিরও বেশি দেশে ব্যবসা সম্প্রসারণ করে ওয়ালটনকে বৈশ্বিক শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত করা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেল উন্মোচনের মাধ্যমে স্মার্ট ও বৈশ্বিক শীতলীকরণ সমাধানে ওয়ালটন নতুন অধ্যায়ের সূচনা করেছে।

গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী জানান, নতুন লাইনআপের অন্যতম আকর্ষণ ৬২৯ লিটারের সাইড-বাই-সাইড স্মার্ট রেফ্রিজারেটর, যেখানে ৩২ ইঞ্চি মাল্টিমিডিয়া ডিসপ্লে রয়েছে। এতে ইন্টারনেট ব্যবহার, ভিডিও দেখা, অনলাইন কেনাকাটা এবং স্মার্ট নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে।

এছাড়া এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা, দ্রুত শীতলীকরণ প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা এবং বিভিন্ন মোডে রূপান্তরের সুবিধা।

নতুন সিরিজে আরও দুটি সাইড-বাই-সাইড মডেল রয়েছে, যেগুলোতে পানীয় জল সরবরাহ ব্যবস্থা, সুপার কুলিং, ছুটির মোড এবং উন্নত তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

সৌরবিদ্যুৎ চালিত চেস্ট ফ্রিজারেও রয়েছে দীর্ঘ সময় ঠান্ডা রাখার ক্ষমতা, বড় সংরক্ষণ সুবিধা এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি।

নন-ফ্রস্ট সেগমেন্টের নতুন মডেলে দ্রুত শীতলীকরণ, স্থিতিশীল তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সাশ্রয়ের আধুনিক ব্যবস্থা রয়েছে।

বৈশ্বিক বাজার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালের জন্য আলাদা আলাদা মডেল তৈরি করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক ব্যবহারের জন্য বড় আকারের কুলার ও আইসক্রিম সংরক্ষণ ফ্রিজও উন্মোচন করা হয়েছে।

দেশের বাজারে নতুন এসব ফ্রিজের দাম ১৬ হাজার ৪৯০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন ফ্রিজ লাইনআপ,ওয়ালটন,প্রযুক্তি ও উদ্ভাবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত