অনলাইন সংস্করণ
১৮:২৩, ১২ মে, ২০২৬
র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
তিনি বলেন, নার্সিং একটি মানবিক ও পবিত্র পেশা, যা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসসি, এমএসসি ও পিএইচডি পর্যায়ে নার্সিং শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে সেবার মান আরও উন্নত করতে রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানবিক সেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নার্সদের পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলির মাধ্যমে অন্যদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা অংশ নেন।