
‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগী সংস্থা বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
‘অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নয়ন (রেইজ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রুহি দাস।
প্রধান অতিথি হিসেবে সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী এবং কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম।
মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের মোট ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আজহার উদ্দিন বলেন, রেইজ প্রকল্পের মতো কর্মসংস্থানমুখী উদ্যোগ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর খাতে শিক্ষানবিশি কর্মসূচি তরুণদের জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সহায়তা করছে। তিনি পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি গোলাম জিলানী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলবে।
সভাপতির বক্তব্যে রুহি দাস বলেন, রেইজ প্রকল্পের আওতায় প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাস্তব সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন বেকারত্ব কমাতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ রেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলাম, সহকারী প্রধান নির্বাহী রঞ্জিত চন্দ্র দাস, হেড অব অডিট রুস্তম আলী মোল্লা, রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. রেজওয়ান ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় মোট ৩৪২ জন চাকরি প্রত্যাশী অংশ নেন। এর মধ্যে প্রাথমিকভাবে ১৩২ জন চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং ৫৯ জন নারী, যাদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া বিডিজবস ডটকম ক্যারিয়ার সেবার প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার কাউন্সেলিং প্রদান করেন।
পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের মাধ্যমে গুরু-শিষ্য মডেলে প্রায় ৭৩ হাজার বেকার যুবককে ট্রেডভিত্তিক কারিগরি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে পিকেএসএফ-এর ৯০টি সহযোগী সংস্থা দেশজুড়ে অনুরূপ চাকরি মেলার আয়োজন করবে।