ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় ৪ হাজার ৮০০ সাইট আধুনিকায়ন করল রবি

ঢাকায় ৪ হাজার ৮০০ সাইট আধুনিকায়ন করল রবি

বৃহত্তর ঢাকাজুড়ে মোবাইল নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের সবচেয়ে বেশি ডেটা ব্যবহার হওয়া এই অঞ্চলে সংযোগ সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবির দাবি, ঢাকার গ্রাহকরা এরই মধ্যে আরও দ্রুতগতির ডেটা সেবা, পরিষ্কার ভয়েস কল এবং শক্তিশালী ইনডোর নেটওয়ার্ক কভারেজের সুবিধা পাচ্ছেন। বর্তমানে হাতে গোনা কয়েকটি জেলা আধুনিকায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন রবির দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির অংশ। এ কাজে নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ৪জি/৫জি রেডি’ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে আরও শক্তিশালী, ভবিষ্যৎ উপযোগী এবং বিদ্যুৎ সাশ্রয়ী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। গ্রাহকসেবায় প্রায় কোনো বিঘ্ন ছাড়াই এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রবি। এর ফলে ডেটার গতি বেড়েছে, কল ড্রপ কমেছে এবং ইনডোর নেটওয়ার্কের মান উন্নত হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। কল ড্রপ কমেছে ২০ শতাংশ। বৃহত্তর ঢাকা ও গাজীপুরের গ্রাহকরা ইনডোরে আগের তুলনায় তিন গুণ ভালো কভারেজ ও সংযোগ পাচ্ছেন। নতুন বিদ্যুৎ সাশ্রয়ী নেটওয়ার্কের কারণে প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচও ২০ শতাংশ কমেছে।

আজ ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নেটওয়ার্ক আধুনিকায়নের বিস্তারিত তুলে ধরেন রবির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে সরকার এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে রবির নেটওয়ার্কে বড় বিনিয়োগকে তিনি উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন। একই সঙ্গে সব নাগরিকের কাছে ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

রেহান আসিফ আসাদ বলেন, শিল্পখাত আরও পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সেবার মানই এখন প্রতিযোগিতার প্রধান বিষয় হয়ে উঠেছে। ঢাকার নেটওয়ার্ক নতুন করে সাজিয়ে রবি তার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, মাত্র তিন মাসে প্রায় ৫ হাজার সাইটে কাজ সম্পন্ন করা একটি বড় অর্জন। গ্রাহকদের জন্য মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ায় রবি প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন তিনি।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়নকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকায় এখন রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী।

তিনি জানান, শিগগিরই চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজও শেষ করবে রবি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের সেরা মানের নেটওয়ার্ক হিসেবে তার অবস্থান ধরে রাখবে বলে জানান তিনি।

জিয়াদ সাতারা আরও বলেন, আধুনিকায়নের ফলে রবির নেটওয়ার্ক অনেক শক্তিশালী হয়েছে। তবে কিছু এলাকায় এখনও কাজ বাকি রয়েছে, কারণ সেখানে নতুন সাইট প্রয়োজন। নতুন সাইটের জায়গা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। ঢাকার প্রতিটি এলাকায় একই মানের সেবা পৌঁছে দিতে সাইট স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা পেতে মন্ত্রণালয় ও বিটিআরসির সহযোগিতা চান তিনি।

রবি ২০১৮ সালে দেশের সব ৬৪ জেলায় ৪জি সেবা চালু করে। বর্তমানে রবির ৪জি গ্রাহকের হার ৭২ শতাংশ, যা দেশের মোবাইল অপারেটরদের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

২০২৫ সালের সেপ্টেম্বরে রবি দেশের প্রথম অপারেটর হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো নির্দিষ্ট উচ্চ-ট্রাফিক এলাকায় বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করে।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে রবি নেটওয়ার্ক সম্প্রসারণে ৯ হাজার ৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এ সময়ে ৪জি সাইটের সংখ্যা ১৩ হাজার ১৭৩ থেকে বেড়ে ১৯ হাজার ৬৪৬টিতে পৌঁছেছে। একই সময়ে রবির স্পেকট্রামও ৩ দশমিক ৪ গুণ বেড়ে ১২৪ মেগাহার্টজ হয়েছে।

শুধু ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (কিউ২) রবি ৭২১ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছে। এর ফলে ৪জি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬০০ ছাড়িয়েছে এবং দেশের জনসংখ্যার ৯৮ দশমিক ৯৮ শতাংশ এখন রবির ৪জি নেটওয়ার্ক কভারেজের আওতায়।

রবি,সাইট আধুনিকায়ন,৪ হাজার ৮০০ সাইট,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত