অনলাইন সংস্করণ
২০:০৩, ০১ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যের তৎপরতায় রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এসব গুলি ও চার্জার উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণ, অলংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লেকে নামেন। এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন।
ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে আনসার সদস্য রিপন ব্রিজের ওপর অবস্থান নেন। একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জারসহ গুলিসদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি পানির নিচ থেকে গুলিসদৃশ বস্তু পাওয়ার কথা জানান।
পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধারকৃত সামগ্রীগুলো ওপরে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, সেগুলো পিস্তলের গুলি। এ সময় একটি পিস্তলের চার্জারসহ মোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।
আনসার সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে লেকের পানিতে থাকা চার্জারসহ গুলি শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়েছে।