ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। পুরুষ ও নারী—উভয় বিভাগে শিরোপা জিতে ঐতিহাসিক দ্বিমুকুট অর্জন করেছে দলটি।

১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আনসার-ভিডিপি। এ বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে দলটি।

নারী বিভাগেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আনসার-ভিডিপি। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জেতে আনসারের নারী কুস্তিগীররা।

সব মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আসরে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক অর্জন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এর মধ্য দিয়ে জাতীয় কুস্তি প্রতিযোগিতায় নিজেদের আধিপত্যের প্রমাণ দেয় দলটি।

এ সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরের বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত অনুশীলন সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি নিশ্চিত করেছেন মহাপরিচালক। পাশাপাশি নিজ দপ্তরে খেলোয়াড়দের ডেকে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। মহাপরিচালকের নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রেখেছে।

আনসার-ভিডিপি ক্রীড়াদল ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাহিনী এবং দেশের সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহাপরিচালক।

দ্বিমুকুট জয়,আনসার-ভিডিপি,জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত