
ভুয়া এনেসথেসিয়া চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশন, ভুয়া টেস্ট রিপোর্টসহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের ঘিওর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুম না থাকা, অপারেশন থিয়েটারের (ওটি) নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূত পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন অব্যবস্থাপনা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত ২৯ অক্টোবর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ঘিওর আধুনিক হাসপাতালে ভুয়া এনেসথেসিয়া চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশন করানোর অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে হাসপাতালটির চিকিৎসাসেবা ও অপারেশন কার্যক্রম নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করে। অনুসন্ধান চলাকালে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নিজেকে সাংবাদিক ও একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি নিজেকে ঘিওর প্রেসক্লাবের সদস্য দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ বিষয়ে ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসীন খান হিরা বলেন, সাব্বির ঘিওর প্রেসক্লাবের সদস্য নন। তিনি আরও বলেন, কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে প্রেসক্লাবের নাম ব্যবহার করা হলে সেটিও অন্যায়।