প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ আগস্ট, ২০২৬
লেবুর রস : পাতিলেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে অনেকেই ব্যবহার করেন। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে লাগাবেন না। এর প্রভাবে ত্বকে তীব্র জ্বালাভাব ও নানা ধরনের সমস্যা হতে পারে। তাই সরাসরি লেবুর রস না লাগিয়ে তার সাথে অন্য কিছু মিশিয়ে লাগাতে পারেন। ১ চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে ম্যাসাজ করুন। চিনি গলে গেলে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করার পর অতি অবশ্যই ভালো কোনও ময়েশ্চরাইজার লাগিয়ে নিবেন। পাতিলেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
মধু : মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এ ছাড়া ব্রণের জীবাণুও ধ্বংস করতে মধু বেশ কার্যকর। খুব কম সময়েই উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। মধু সরাসরি মুখে লাগাতে পারেন, কিন্তু বেশী ফলাফল পেতে হলে মধুর সাথে দুধ, দই, কলা, পেঁপে, লেবুর রস এসবের যে কোন কিছু মিশিয়ে লাগাতে পারেন।
কলা : অল্প সময়ে ত্বক উজ্জ্বল করতে কলার কোনও বিকল্প নেই। তার সাথে যদি দুধকে কাজে লাগানো হয়, তাহলে তো কথাই নেই। একটা কলাকে চটকে নিয়ে তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে। তবে খেয়াল রাখবেন পেস্টটা যেন একেবারে মিহি হয়ে যায়। তাহলে অনেক ভাল কাজ দেবে।
শসা : শসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে। তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। কাচের মুখবন্ধ বয়ামে মিশ্রণটি সংরক্ষণ করুন। দিনে কয়েকবার এ মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে কোমল রাখবে।