
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় জামায়াত-কর্মীসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে গুলিবর্ষণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ৫ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধরা হলেন শান্ত (২৫), জসিম (২৭), সাকিব (২৫) ও মাহি (২২)। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবর্ষণের ঘটনায় উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুনের নেতৃত্বে ওমর, মেজবা, রাতুল, পিচ্চি রিয়াজ, কালু, আজিম ও ফয়েজসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, দুর্বৃত্তের ছোড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।