ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আমার মহাপাপ

আয়শা সাথী
আমার মহাপাপ

এক নীলাভ্র মেঘে ছাওয়া আমার আকাশ

রন্ধ্রে রন্ধ্রে লালিত আমার নীল বেদনার দ্রোহ

আমার জানালায় কখনও আলো ছড়ায়নি ভোরের সূর্য

তপ্ত দুপুরে কেউ বলেনি, ‘পথিক, একটু বসো’;

কেউ তাকিয়ে রইলো না আমার ফেরার প্রতীক্ষায়।

মাথার দিব্যি দিয়ে কেউ বললো না,

‘তোমাকে ফিরে আসতেই হবে’।

গ্রীষ্মের তাপদাহে ফেটে চৌচির কলিজাখানায়

কখনও ঝরেনি এক পশলা আসমান ভাঙা শ্রাবণ।

যদি প্রশ্ন তুলি, ‘কোন মহাপাপ?’

ক্ষণ-অনুক্ষণের হিসেব মেলাতে গিয়ে দেখি

যা এসেছিল তীব্র বাসনার বাহন বয়ে

ফিরতি পথে সেই প্রণয় দেবো শুধু দূরত্বই নয়

রংতুলিতে অহর্নিশ অমাবস্যার ভাব জমিয়ে

আর্শীবাদে রেখে গেছে সুগভীর দীর্ঘ ক্ষতের আল্পনা।

তুড়িতে মহাবিশ্বে প্রলয় তোলা দেবতা বুঝতে চায়নি

আমি ক্ষীণ সহ্যধারী তুচ্ছ মানব!

মায়াহীন কায়ার ছায়ায় দাঁড়িয়ে

দাতার ঋণ শোধরানোর মায়া আমার আজন্ম।

দেবতা জানে না, মায়াটুকুই চুপচাপ সরে যায় না কখনও

সারথী হয় বিশ্বাস আর ভরসাটুকুও।

মায়ায় জড়িয়ে মায়ার বাঁধন কাটা;

অতঃপর কষ্ট ছাড়া কিছুই থাকে না নির্বিশেষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত