অনলাইন সংস্করণ
১১:০৬, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদবের আইনি জটিলতা কাটছেই না। চেক বাউন্স সংক্রান্ত মামলায় অভিনেতাকে এবার শেষবারের মতো মাত্র দুই সপ্তাহ সময় বেঁধে দিল ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ১৪ দিনের মধ্যে দুই কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
অভিযোগকারী প্রতিষ্ঠান মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০১০ সালে একটি সিনেমার প্রয়োজনে অভিনেতা রাজপাল যাদবকে পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালে সেই বকেয়া টাকা পরিশোধের উদ্দেশ্যে অভিনেতা ১.০৫ কোটি টাকার মোট সাতটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংক থেকে তার চেকই বাউন্স করা হয়। ২০১২ সালের চুক্তি অনুযায়ী সুদসহ প্রায় ১১ কোটি টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজপাল, তার স্ত্রী এবং তাদের সংশ্লিষ্ট সংস্থার।
নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি এর আগে দিল্লি হাইকোর্ট সাতটি পৃথক চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে প্রতিটি মামলার জন্য তিন মাসের কারাদণ্ডের রায় দিয়েছিল। হাইকোর্টের সাজা বহাল থাকায় তা চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতা ও তার স্ত্রী রাধা যাদব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার তাদের আবেদনের শুনানি চলাকালে আদালত জানায়, আগের কোনো নির্দেশ যথাযথভাবে মানা হয়নি। তবে অভিনেতাকে মানবিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি শেষ সুযোগ দেওয়া হচ্ছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে দুই কোটি টাকার একটি ডিম্যান্ড ড্রাফট বা ডিডি জমা দেওয়ার পাশাপাশি জামিনের শর্ত হিসেবে নিজের পাসপোর্ট আদালতের কাছে সমর্পণ করতে হবে। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।