ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জীবন বুনে

ফারুক আহমেদ
জীবন বুনে

কোথাও বোমা পড়লে কেঁপে উঠি,

মনে হয়, তোমার কাছে যাওয়ার পথ

কি ভেঙে পড়লো আগুনের ধাক্কায়!

পথ ভরে আছে মিছিল আর মিছিলে,

ক্রোধের বাইরে নয় এতটুকু জায়গাও

যেখান দিয়ে আমরা হাত ধরে যাব পরস্পর।

গোলাপ চাষ হচ্ছে না, চাষ হচ্ছে হত্যার,

চাপাতির আঘাতে টুকরো টুকরো বিকাল

তার ভেতর রান্না হয় শিশুদের আর্তনাদ।

ভেঙে পড়া রাস্তা আমি দেখি শুধু

যে-রাস্তা গেছে ভালোবাসার ঠিকানায়।

যে-রাস্তা ভেঙে পড়ছে বোমার আঘাতে,

খুনের রক্তে, লোভের দীনতায়। আমি

ভাবছি তোমার কাছে, যাব কোন পথে :

হে প্রেম!

তোমার হাসির ছায়া পড়েছে রোদের ভেতর,

আমি সে ছায়ায় বসে ভাবছি পৃথিবীর থেকে

দূরের কোন ছায়াপথে, যেখানে হত্যা নাই,

বোমারু বিমান নাই, নাই ক্রোধের আগুন;

তেমন এক দিকচক্রে একটি জীবন বুনে

তাতে ঢালব বেঁচে থাকার নির্যাস...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত