প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৮ জুলাই, ২০২৬
সুরে বাঁধা জগতের স্বতঃসুরে বিচ্যুতি এলে অসুরের অমাধ্বনির বৃহস্পতি নেমে আসে পীড়নের প্রচণ্ডতায়।
সপ্তসুরে বাঁধা জীবনের অণুতে-তনুতে ষড়ঋতুর সুর অনিবার্য হয়ে ওঠে আবহমানকালের বাঙালি রসায়নে। একচেটিয়া কৃষ্ণচূড়ার লালে অস্বস্তি হামাগুড়ি দেয়; মনের কোণে উঁকি মারে মেঘ, আঁচল পেতে তৈরি হয় সবুজ ঘাস অবুঝ কদমণ্ডকলি আর টিনের চাল প্রহর গোণে জলধ্বনির কাঙ্ক্ষিত কসরতে মুগ্ধ হতে। রুগ্ন পুকুর স্বাস্থ্যের বর মাগে জলবতী কাদম্বরীর কাছে।
আমি প্রতীক্ষায় থাকি তোমার; তুমি এলে মেঘ আসে, আকাশ ধূসর হয়ে শুষে নেয় গ্রীষ্মের তাপ ও সন্তাপ; বিজলি-বাদলের আরাধ্য বাদনে নিদ্রা ভাঙে প্রকৃতির কুম্ভকর্ণের।
অতঃপর নবজলধারায় আনন্দধারা বয় মরণোন্মুখ মর্ত্যের দগ্ধ মৃত্তিকায়। দিনশেষে তোমার অশ্রু আনে অগণিত মুখের প্রশান্তি।