প্রিন্ট সংস্করণ
০০:০০, ০১ আগস্ট, ২০২৬
খুব একটা বর্ষা দেখা হয় না ব্যস্ততার দৌরাত্ম্যে
ঘন বৃষ্টি মাড়িয়ে ছাতা নিয়ে নেমে পড়ি
এক মিনিট দেরি হলেই মাইনে কাটা পড়ে এই আশঙ্কায়।
কিন্তু আজ আমি পথিমধ্যে থমকে দাঁড়ালাম
ঘন মেঘ, বিজলি চমকাচ্ছে, থমথমে চারিদিক
দেখছি তোমার চোখ...
এত বৃষ্টি দেখা হয়নি বহু জনমে
প্রতিটি ফোঁটা যেন একেকটি স্মৃতির সীল মোহর-
মেরে দিচ্ছিল আমার অন্তরের সোনালি অতীতের
পৃষ্ঠায় কোনো কথা নেই মুখে
তবু এত কথা কীভাবে ঝরে!
এত স্মৃতি কীভাবে খইয়ের মত নেচে ওঠে চোখের উষ্ণতায়!
তখন তার চোখগুলো গলে যাচ্ছিল
বর্ষার মত অশ্রুপাত করতে করতে...