প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৫ আগস্ট, ২০২৬
আমি তো ছিলাম পুণ্য সাগরে এখন ডুবেছি পাপে
এপাপ মোছে না অশ্রু ঝরিয়ে হৃদয়ের অনুতাপে
পাপের প্রদীপ দীপ্র তীব্র ক্ষণে ক্ষণে পোড়ে মন
ক্ষণিক সুখের ঘূর্ণাবর্তে পাক খাই সারাক্ষণ।
তাপিত হৃদয় ধূসর এখন পাণ্ডুর চরাচর
শাপদসঙ্কুল পথ দেখি তাই বিরান হয়েছে ঘর
দেখি না এখন ফুলের বাগান শুনি না পাখির গান
বহে না এখন দখিন বাতাস জুড়ায় না দেহপ্রাণ।
প্রাণ আছে দেহে পাখি গেছে উড়ে প্রাণপাখি তাই মরা
বৃষ্টিবিহীন বুকের জমিন খরতাপে আছে ধরা
এলেম এখন দু’ঠোঁটের কোণে আমল চুপসে গেছে
চিন্তা আমার এলোমেলো হয়ে চলে তাই একপেশে।
বেখবর এই নাদান মানুষ নিজের কবর খুঁড়ে
তবুও প্রভুর ক্ষমার ভিখারি তপ্ত আগুনে পুড়ে।