ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রক্তের নিচে ঘুমিয়ে থাকা এক দীর্ঘ অন্ধকার

শাকিল মাহমুদ
রক্তের নিচে ঘুমিয়ে থাকা এক দীর্ঘ অন্ধকার

জুলাই আবার এসেছে- কিন্তু লিমনের ঘরে কোনো ক্যালেন্ডার পৌঁছায় না। মাথার ভেতর এক বুলেট যেন অন্ধ কোনো পাখির মতো আজও তার হারানো শব্দ খুঁজে ফেরে।

দুই পায়ের কাছে পড়ে থাকে একটি রাস্তা- যে রাস্তা কোথাও যায় না। তার জবান নীরব; স্মৃতির দরজায় কে যেন বহুদিন আগে তালা ঝুলিয়ে দিয়েছে।

তবু কখনো তার চোখে এমন এক আলো জ্বলে ওঠে, যার নাম আমরা জানি না। বাইরে বৃষ্টি নামে, কদমের গন্ধে শহর তার মৃত দুপুরগুলো ঢেকে ফেলে।

শুধু তার শরীরের গভীরে একটি জুলাই নিঃশব্দে শ্বাস নেয়। সে হয়তো জানে না- কী হারিয়েছে; কিন্তু তার নীরবতা যেন সবকিছু মনে রেখেছে।

প্রতি বছর জুলাই ফিরে আসে, আর একটি প্রশ্ন অন্ধকারে আরও গভীরে ডুবে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত