প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ নভেম্বর, ২০২৬
আমিও ব্যাকুল সন্ধ্যায় তোমাকে খুঁজতে খুঁজতে
প্রকৃতির আয়নায় মুখ রেখে আঁতকে উঠি
লাজনম্র দৃষ্টিতে তাকিয়ে দেখি আমার বিধ্বস্ত
অবয়বের কিনার ঘেঁষে হেঁটে যাচ্ছে ক্ষুধা এবং তার সঙ্গীরা।
শৌখিন অভুক্ত এরা নাকি পেয়েছে কদিন আগে নবান্নের ঘ্রাণ
জিহ্বায় এখন আর রোচে না ভিন্ন কোনো স্বাদ
নবান্নের কাছে নতজানু হয়ে মেলে দেবে
স্বাদের ষোলোকলা— হাত-পা নাড়াবে, শরীর ঝাঁকাবে
তারপর থিতু হয়ে ঢুকে যাবে আস্বাদের ঘরে।
কৃষকের সারাদিনের ব্যস্ততা
কিষানির দিনভর দিনের আলোয় যতটুকু সঞ্চয়
পুরোটা নিয়ে হাজির
নবান্নের ঘ্রাণে হেমন্ত হেমন্ত গান
ভাতের গন্ধে নতুন আনন্দে কৃষক আর কিষানির মন আনচান।