ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালখালীতে ১০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

বোয়ালখালীতে ১০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের বোয়ালখালীতে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে পাকা বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নিচু এলাকায় জলাবদ্ধতায় প্রায় ১০ হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। কৃষকেরা জানান, ধান কাটার শেষ সময়েই টানা তিন দিনের ঝড়ো বাতাস ও বৃষ্টিতে মাঠে লুটিয়ে পড়ে পাকা ধান। গত বৃহস্পতিবার উপজেলার কর্ণফুলী নদীর তীরবর্তী চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, পোপাদিয়া ও সারোয়াতলীসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। শ্রীপুর গ্রামের কৃষক মো. মহিউদ্দিন জানান, ৪০ শতক জমির ধান তিনি আবাদ করেছিলেন। কিন্তু বৃষ্টিতে পুরো ফসল মাটিতে লুটিয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক বাসু চৌধুরী বলেন, বৃষ্টি শুরুর আগের দিন ধান কেটেছিলাম, কিন্তু ঘরে তুলতে পারিনি। সব শেষ হয়ে গেছে। আমুচিয়া এলাকার কৃষক এসএম বাবর জানান, তার ১২ একর জমির মধ্যে ৬ একর ধান নষ্ট হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম জানান, টানা বৃষ্টিতে প্রায় ৫৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ১০ হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫ হেক্টর সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বোয়ালখালীতে এবার মোট ১ হাজার ৬৯২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে, বাকি ৯৫ শতাংশ এখনও মাঠে রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো ধান কাটতে আরও ১৫-২০ দিন সময় লাগবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত